আমি বলছিনা তুমি ধরা দাও,
আমার পদ্যের বিদ্যা হও।
তোমার রূপবর্ণনে জন্ম নেক আরেক ভারতচন্দ্র।
আমি বলছিনা তুমি একটু হাসো,
নিস্তব্ধ নিশির বাঁশির মত সে হাসি বিঁধুক আমার মনে।
ফিকে করে দিক দুধসাগরের শুভ্রতা।
আমি বলছিনা তুমি কথা বলো,
কথাকলির কলকলানিতে মুখরিত হোক আমার হৃদয়।
সহস্রবর্ষী তপস্বীর মৌনব্রত আজ ভেঙে চুরমার হয়ে যাক।
আমি বলছিনা তুমি ভালোবাস,
তোমার আমার গল্পে অনুপ্রাণিত হোক বহু বিদ্রোহীমন।
একশত এক শতদল দিয়ে পূজিত হোক আমাদের এ কাব্য।
আমি বলছিনা,
আমি কিছুই বলছিনা,
আমি ভাবছি।
(মুস্তাফিজ শিহাব, ২২ জুন ২০২৪, বেলা ১১ টা)
