রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

উড়োচিঠি- ১

প্রিয়,

আমার তুমি,

শীতের সকালের সূর্য দেখেছ? কুয়াশার চাদর চিরে এক অন্যন্য উজ্জ্বলতায় কীভাবে সে নিজেকে প্রকাশ করে? আমার জীবনে তোমার প্রবেশও ঠিক তেমনি ছিল। এ যেনো এক অন্ধকারের মাঝে মোমের আলো, এক তপ্ত গরম দুপুরে রোদের নিচে আইসস্ক্রিমের এক গাড়ির প্রবেশ। তারপর? তোমাকে আমি আপন করে নিয়েছি, ভালোবেসেছি। তোমার যতটুকু অধিকার তার যথাযথ পালন আমি করেছি। তোমার জন্য রাত জেগেছি, ভোরের শুভ্রতার সাথে তোমার ঠোঁটের মিষ্টতায় নিজেকে সিক্ত করেছি। ঠোঁটের হাসির বদলে তোমার চোখের পানি কিনেছি শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। ভালোবাসলে কিনতে হয়। ভালোবাসায় সুখ ও দুঃখ উভয়ের আদান প্রদান প্রয়োজন। তাই দুঃখ কিনেছি কারণ সুখের থেকে দুঃখ নেয়া অধিক সহজ। আশা করেছি, পেয়েছিও। অনেক কিছু তুমি দিয়েছ যা কেউ দেয়নি। হাসতে শিখেছি, নব উদ্যমে চলতে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি তোমার অনুপ্রেরণায়। কিন্তু এরপর? কেন এমন করলে? ছোট্ট পাখির নীড়ের মত সুখের সাগরে কেন অশান্তি ও অস্থিরতাকে জায়গা দিলে? হয়তো মতান্তর হয় তাই বলে মনান্তর করার অধিকার থাকে? হয়তো, হয়তো না... আমার জানা নাই। 

তাই চিন্তা করেছি, আবার কিনব, তবে তোমার সুখের জন্য এবার আমি একাকিত্ব কিনব, তোমার সুখের জন্য অপেক্ষার পথ বেছে নিব, তুমি দুরত্ব চাও, আমি দূরত্বকে সঙ্গী করেই বেঁচে থাকব। 

চাইবো না, কখনো চাইবো না তোমাকে, কখনো বলব না সেই প্রথম রাতের কথার মত লজ্জার চাদরে নিজেকে আবৃত কর, আমি আবার তোমায় উন্মোচিত করি নিজের মনের মাঝে, আর কখনোই বলব না, ভালোবাসি বলো, বলব না তোমায় দেখতে ইচ্ছে করছে, এক টুকরো হাসির জন্য আবদারের ডালা সাজিয়ে বসবো না। বিশ্বাস করো, কিছুতেই বলব না, বুঝতেও দিব না যে এ মন কাঁদছে তোমার জন্য। 

আমি জানি তুমি বিব্রত হও, বিরক্ত হও-কিন্তু কেন? তবে কি...? নাহ, আমি ভাবতে চাই না। ভেজা চোখে ভাবনাগুলোও ঝাপসা হয়ে যাচ্ছে। ভেজা চোখে লেখা যে খুবই কষ্টকর।

ইতি,

তোমার আমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...